কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সংকট, শিক্ষক সংকট এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। শিক্ষকরা তাদের নানা দাবি ও সমস্যার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার