প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় মামলার সুবিচার চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন মানবাধিকার কর্মী শুভ্র।

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় দায়ের করা দুটি মামলার সুবিচার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা চেয়ে আবেদন করেছেন মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ। তিনি দেশের শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানের সহযোগিতা কামনা করে একটি আবেদন দাখিল করেছেন।
জানা যায়, কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা দুটি মামলার ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তার দায়ের করা মামলার মধ্যে একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০, তারিখ ১৪ নভেম্বর ২০২৪) এবং অপরটি দস্যুতা সংক্রান্ত মামলা, যার এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২, তারিখ ১৬ অক্টোবর ২০২৫)। দুটি মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মওদুদ আব্দুল্লাহ জানান, ২০১৭ সালের ৩ মে থেকে শুরু করে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিভিন্ন সময়ে পেশাগত কাজে বাধা, চাঁদা দাবি, হামলা, অস্ত্র প্রদর্শন এবং প্রকাশ্যে মারধরের মতো ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, একাধিকবার মোটরসাইকেলে হেলমেটধারী দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এসব ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো সব অপরাধী গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ভবিষ্যতে নাশকতামূলক অপপ্রচার, তথ্য বিভ্রান্তি ও ষড়যন্ত্র প্রতিরোধ এবং ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অনলাইন জিডি (নম্বর ২৬) রেকর্ডভুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া স্মারকলিপির রিসিভড ডকেট নম্বর ৩৪৩৯ (ই-তথ্য কেন্দ্র), তারিখ ১ মার্চ ২০২৬। একইসঙ্গে কুমিল্লা পুলিশ সুপারের কাছেও লিখিত স্মারকলিপি জমা দেন, যার রিসিভড নম্বর ১৫৭০/স, তারিখ ১ মার্চ ২০২৬।
মওদুদ আব্দুল্লাহ বলেন, তার অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

প্রিন্ট করুন