প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় মন্দির ও মসজিদে ককটেল হামলার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির ও বাগানবাড়ি জামে মসজিদের সামনে মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপে তিনজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুল আনোয়ার।

 

তিনি জানান, ঘটনার পর মন্দির থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যেখানে একটি ককটেল বোমা ছিল। ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি লালমাই পাহাড়ে পুলিশের ফায়ারিং স্কোয়াডে নিয়ে নিষ্ক্রিয় করে।

 

শনিবার সন্ধ্যায় শনি পূজা ও মাগরিবের নামাজ চলাকালীন সময়ে দুর্বৃত্তরা মন্দিরে ককটেল ছুড়ে মারে। পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে সরানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে এবং তিনি আহত হন। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মসজিদের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে দুই মুসল্লি আহত হন।

 

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, “নির্বাচন পরবর্তী সময়ে রমজানে কুমিল্লার পরিবেশ অশান্ত করার জন্য ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার অভিজ্ঞ তদন্ত দল কুমিল্লায় এসে তদন্ত করবে।

 

ঘটনার পর রাতেই কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, র‌্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযানে নেমেছে এবং আসামিদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।

প্রিন্ট করুন