কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও আতশবাজি উদ্ধার করেছে র্যাব এর একটি আভিযানিক দল। এ সময় একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ বিকেলে র্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাতিশা ইউনিয়নের নানকরা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আরীফুর রহমান আহসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৮৬০ পিস ভারতীয় শাড়ি, ১০৮ পিস ভারতীয় থ্রি-পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আরীফুর রহমান আহসান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এদিকে পৃথক আরেকটি অভিযানে গত ৯ মার্চ রাতে চৌদ্দগ্রাম উপজেলার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস আতশবাজি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চোরাচালান ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক