প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার ডাকে সংবাদ প্রকাশের পর সুজানগরে শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা, সাত দিনের মধ্যে পূর্বাবস্থায় ফেরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় শতবর্ষী একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন। একই সঙ্গে অভিযুক্তকে আগামী ৭ দিনের মধ্যে পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুজানগর সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন শতবর্ষী পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক ও ইন্সপেক্টর। অভিযানে সুজানগর এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম আজাদকে অভিযুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর কুমিল্লার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার। এ সময় প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর জলাধার সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তিনি মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দেন যে আগামী ৭ দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জলাধার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন