প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগ নেতা সোহানের নেতৃত্বে গোমতির মাটি লুট নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর মালা পাড়ায় গোমতীর বেরিবাদের ভিতর থেকে দিন-রাত চলছে অবৈধ মাটি কাটা। দুপুর থেকে ভোর রাত পর্যন্ত ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি তুলে নিয়ে যাচ্ছে ছাত্রলীগ নেতা সোহানসহ একটি প্রভাবশালী মহল। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের নামধারী ব্যক্তিরা।

 

গেলো রোববার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপির সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টির পর থেকেই সোহানসহ মাটি লুটেরা আরও বেপরোয়া হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ কার ছত্রছায়ায় থেকে প্রকাশ্যে মাটি লুটে নিচ্ছে তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।

 

কৃষিমন্ত্রী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন স্পষ্ট হুশিয়ারি দিয়ে ঘোষণা করেছিলেন, গোমতীর এক ইঞ্চি মাটিও কেউ কাটতে পারবে না। কিন্তু সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাটি লুট। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, আওয়ামী ঘরানার পুলিশ ও কিছু সাংবাদিককে ম্যানেজ করেই এই মহলটি অবৈধ মাটি কাটা অব্যাহত রেখেছে।

 

ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সচেতন নাগরিক। তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানার ওসিকে জানানো হলে তিনি দায়িত্ব এড়িয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরামর্শ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) উভয়কে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

 

স্থানীয়দের ক্ষোভ, প্রভাবশালী মহলের দাপটে গোমতীর মাটি কেটে নেওয়া হচ্ছে প্রকাশ্যে। প্রশাসনের নীরবতা এবং দায়িত্বহীনতা এই অবৈধ কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করছে। কৃষিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পরও ছাত্রলীগ নেতা সোহানসহ প্রভাবশালী মহলের অবৈধ মাটি কাটা বন্ধ হবে কি না এখন সেটিই বড় প্রশ্ন।

প্রিন্ট করুন