কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আয়মান (৭) ও আল জাইম (৫)। তারা সৌদি আরবপ্রবাসী শামসুল আলমের ছেলে।
নিহতদের চাচা মোরশেদ আলম জানান, মঙ্গলবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে মা ও স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এরকম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিজস্ব প্রতিবেদক :