কুমিল্লায় ভেজাল মরিচের গুঁড়া তৈরি করার অপরাধে “আল-আমিন ফুড গ্রেইন মসলার মিল”কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মসলার মিল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুমিল্লা জেলা কার্যালয়।
অভিযানের সময় দেখা যায়, ভালো মরিচের সঙ্গে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে গুঁড়া তৈরি করা হচ্ছিল। এছাড়া নোংরা ফ্লোরে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং ক্রাশিং করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আল-আমিন ফুড গ্রেইন মসলার মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে “বাখরাবাদ মাটির হাড়ি” নামের একটি রেস্টুরেন্টে বাসি খামির সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নেকবর হোসেন :