প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

হোমনা বাজারে ভেজাল খাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই ব্যবসায়ীকে জরিমানা

তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

কুমিল্লার হোমনা সদর বাজারে ভেজাল খাদ্য ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে হোমনা সদর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও হোমনা পৌর প্রশাসক আহমেদ মোফাচ্ছের।
অভিযানকালে একটি দোকানে খাবারের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া অপর একটি দোকানে বিএসটিআই অনুমোদন ছাড়া লবণ বিক্রি করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ দুই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও ভেজাল খাদ্য ও অননুমোদিত পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল খাদ্য উৎপাদন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বাজারে ভেজাল প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন