প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নবীনগরে সাবেক এমপি কাজী আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার

সঞ্জয় শীল, ব্রাক্ষনবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র সন্তান ও সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কাজী মো. নাজমুল হোসেন তাপস। প্রধান মেহমান ছিলেন আমজাদ হোসেন আশরাফী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মাইনু উদ্দিন মাইনু, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সাইদ, পৌর যুবদল নেতা আলী আজ্জম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রুবেল, সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় বক্তব্যে কাজী মো. নাজমুল হোসেন তাপস নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নবীনগরের মানুষের ভালোবাসা ও সমর্থন সবসময় তার শক্তি। একটি সুন্দর ও উন্নত নবীনগর গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দোয়া মাহফিল শেষে বিপুল সংখ্যক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

প্রিন্ট করুন