প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় সৌদি উপহারের খেজুর বিতরণে বিভ্রান্তি দূর

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা জেলার জন্য চূড়ান্তভাবে ৫০০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১ মার্চ ২০২৬ তারিখের ৭৩ (ক) নম্বর স্মারকে প্রথমে ৫২০ কার্টুন খেজুর বরাদ্দের তথ্য দেওয়া হয়। তবে ৮ মার্চের সংশোধিত বরাদ্দপত্রে সংখ্যা কমিয়ে ৫০০ কার্টুন নির্ধারণ করা হয়। অনেকেই আগের তথ্য অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন, যা সংশোধিত বরাদ্দের সঙ্গে মিলছে না।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী জেলার ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টুন খেজুর উপবরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব খেজুর সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

 

দাউদকান্দি উপজেলায় ৩৯ কার্টুন, মেঘনায় ২০, হোমনায় ২৪, তিতাসে ২৩, মুরাদনগরে ৫৫, দেবিদ্বারে ৩৯, বুড়িচংয়ে ২১, ব্রাহ্মণপাড়ায় ২০, আদর্শ সদরে ২১, কুমিল্লা সদর দক্ষিণে ১৮, চান্দিনায় ৩৪, বরুড়ায় ৩৯, লাকসামে ২১, মনোহরগঞ্জে ২৮, নাঙ্গলকোটে ৪১, লালমাইয়ে ২৩ এবং চৌদ্দগ্রামে ৩৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তাই খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট করুন