কুমিল্লায় বন্ধুপ্রতীম বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীল নেতাদের সম্মানে প্রীতি ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
বুধবার (১১ মার্চ) নগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে কুমিল্লা মহানগরের বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের সভাপতি নাহিদ রানা।
এছাড়াও ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্রশক্তি এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দসহ বন্ধুপ্রতীম অন্যান্য ছাত্রসংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাছান আহমেদ।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ছাত্রসমাজের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনলাইন ডেস্ক