প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা আদালতে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক, মুচলেকায় সহযোগীদের নাম প্রকাশ

অনলাইন ডেস্ক

কুমিল্লা আদালত এলাকায় বিয়ে পড়তে আসা তরুণ-তরুণী ও বিচারপ্রার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লা আদালত চত্বরে।
জানা গেছে, কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে তাইমুল হোসেন আদালত এলাকায় বিয়ে পড়তে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে আটক করে এবং তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পরে আদালতে দেওয়া মুচলেকায় তাইমুল হোসেন স্বীকার করেন, এসব কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করতো আদালতের ১ নম্বর হলরুমের সামনে ফল বিক্রেতা রাজ্জাকের ছেলে রিয়াদ, আদালতের পশ্চিম গেট সংলগ্ন দোকানদার কাউসার এবং কাপ্তান বাজার এলাকার দোকানদার শফিক ও জুয়েল।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না—এ মর্মে লিখিত অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে আদালত এলাকায় চাঁদাবাজি ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসন অভিযান জোরদার করেছে। এর আগে বুধবার আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল পরিচালনা করে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় আইনজীবী ও সচেতন মহলের মতে, আদালত এলাকায় বিয়ে পড়তে আসা তরুণ-তরুণী এবং বিচারপ্রার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনা দীর্ঘদিনের সমস্যা। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন