লাকসাম-মনোহরগঞ্জে অপরাধীদের শেকড়সহ তুলে ফেলার ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম এমপি। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা অর্থাৎ লাকসাম-মনোহরগঞ্জ’র কোথাও চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।”
শুক্রবার রাতে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের কিসমত গ্রামের হাজী বাড়ীতে আলোচিত ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী নাসির উদ্দীনের পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই বক্তব্য দেন। ডাকাতরা নাসির ও তার এক বছরের সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়েছিল। এসময় এমপি আবুল কালাম উপস্থিত দলীয় নেতাকর্মীদের সামনে ঘোষণা দেন, “আমার দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাহস দেখাবেন না। প্রশাসনকে বলে দিয়েছি অপরাধের বেলায় কোনো দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেয়া যাবেনা।”
প্রবাসী নাসিরকে সাহস দিয়ে তিনি বলেন, “এখন থেকে তোমার এবং তোমার পরিবারের ভয় নেই, নির্ভয়ে তুমি বিদেশে যেতে পারো। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, শরীফ হোসেন, সহ সভাপতি আবুল বাশার কিরন, ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন পাপন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

ইমরান হোসেন :