পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল প্রশাসনের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদের দিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে যারা হলে অবস্থান করবে, তাদের নামের তালিকা প্রস্তুত করার জন্য আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে হলের নতুন অংশের গেইটে রাখা নির্দিষ্ট খাতায় নিজেদের নাম লিপিবদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
হল প্রশাসন জানায়, ঈদের সময় বাড়ি না ফেরা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পারিবারিক আবহ তৈরি করতেই এই বিশেষ খাবারের আয়োজন করা হবে।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “গত বারের ন্যায় এইবারও ঈদুল ফিতরের সময় বিজয়-২৪ হল প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবে। ফলে বাড়ির বাইরে ঈদ কাটানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং এই আয়োজন তাদের হৃদয়ে কিছুটা হলেও আনন্দ এনে দেবে।”
উল্লেখ্য, গত ঈদুল ফিতরেও বিজয়-২৪ হল কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল।

কুবি প্রতিনিধি :