ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেনকে (৩০) ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার মো. নাজিম (৩০) কে আসামী করে ভুক্তভোগীর মা কুহিনুর বেগম (৫১) নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে বাসায় থাকা নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে মো. নাজিম ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের বাড়ির ছাদ বেয়ে ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় জবাই করার চেষ্টা চালায়। মোশারফের চিৎকারে পরিবারের সদস্যরা রুমে ঢুকলে নাজিম ভয় দেখিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় মোশারফকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। জানা যায়, তার গলায় ৪৮টি সেলাই দিতে হয়েছে।
এরপর গত ১৩ মার্চ রাতে ঢাকা থেকে ফিরে মোশারফের মা বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম শনিবার (১৪ মার্চ) জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিট পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। অভিযুক্তকে গ্রেফতারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সঞ্জয় শীল :