কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: ইউসুফ মোল্লা টিপু। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কুসিকের প্রশাসক পদে কে আসছেন তা নিয়ে দলীয় অঙ্গনে দীর্ঘদিন জল্পনা-কল্পনা চলছিল। হাফ ডজনাধিক নেতার নাম আলোচনায় আসে, কেউ কেউ হাইকমান্ডে জোর লবিংও চালান। তবে সব জল্পনা ছাপিয়ে ষষ্ঠ প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন ইউসুফ মোল্লা টিপু।
এই নিয়োগের খবরে তাঁর অনুসারীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যা বইছে। টিপু ‘বিবেক’ নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। করোনাকালে যখন সন্তান বাবার লাশ স্পর্শ করত না, স্ত্রী স্বামীর পাশে দাঁড়াত না—তখন টিপুর নেতৃত্বে বিবেক সংগঠনই মানুষের পাশে দাঁড়িয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে শত শত মরদেহ দাফন ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে দেশব্যাপী আলোচনায় আসে সংগঠনটি।
শনিবারই বিবেকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছিল, ঠিক তখনই আসে প্রশাসক পদে নিয়োগের সুসংবাদ। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের বিশ্বাস, টিপুর হাত ধরেই নগরীর যানজট ও জলাবদ্ধতার মতো প্রধান সমস্যাগুলির সমাধান হবে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই টিপু ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৫ সালের দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইউসুফ মোল্লা টিপু বলেন, “দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরী নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন। নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবো ইনশাল্লাহ।”
কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য লোক নিয়োগ করতে ভুল করেননি। টিপু একজন মানবিক মানুষ। তাঁর কাজের মাধ্যমে নগরবাসী উপকৃত হবে।”
কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “নগরীর প্রতিটি সমস্যা তাঁর জানা। তিনি নগরীরই সন্তান। আন্তরিকভাবে কাজ করলে নগরীর উন্নয়ন হবে।”
নগর ভবন সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর থেকে পাঁচজন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রশাসক ছিলেন যুগ্ম সচিব শাহ আলম। শনিবার নিয়োগ পাওয়া ইউসুফ মোল্লা টিপু ষষ্ঠ প্রশাসক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রুহুল আমিন চৌধুরী সুমন :