প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী তালিকাভুক্ত

দীপা রানি সরকার :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

গত রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, কুবির আইন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১০ জন, ১১তম ব্যাচ থেকে ৯ জন, ১২তম ব্যাচ থেকে ২৮ জন এবং ১৩তম ব্যাচ থেকে ২৫ জনসহ মোট ৭২ শিক্ষার্থী এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

 

আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদের আইন বিভাগ শুরু থেকেই অবদান রেখে আসছে। প্রতিবছর আমাদের অনেক শিক্ষার্থী আইনজীবী হচ্ছেন। এবারও বড় একটি সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের বিভাগের ৫ জন শিক্ষার্থী জুডিসিয়ারিতে আছেন। আইন বিভাগের বিভাগীয় প্রধান ও তাদের শিক্ষক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত।”

 

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বশেষ বিভাগ হিসেবে ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

প্রিন্ট করুন