প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার ছোট শরীফ পুর উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজ

মাইন উদ্দিন :

কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারস্থ ছোট শরীফ পুর উচ্চ বিদ্যালয়ে চলছে ব্যাপক উন্নয়ন কাজ। ২ কোটি টাকা বাজেটে ১ তলা ভবনের উপর নতুন ৩ তলা উর্ধ্বমুখী ভবন নির্মাণের প্রকল্পে আজ তৃতীয় তলার ছাঁদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সর্বমোট ৪ তলা বিশিষ্ট এই ভবনটি শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

 

কাজের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ইঞ্জিনিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম মজুমদার, সিনিয়র শিক্ষক মাকসুদুর রহমান, কাজী ফরিদ আহমেদ, কম্পিউটার অপারেটর শফিকুর রহমান, দপ্তরি মুজিব, জাহিদুল ইসলাম ও বিল্লাল হোসেন। তারা সকলে কাজের গুণগত মান নিশ্চিত করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে ঢালাইয়ের কাঁচামাল সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করেন।

 

প্রকল্প ইঞ্জিনিয়ার জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছর জুন মাসের মধ্যে ভবনটি হস্তান্তর করা সম্ভব হবে। তিনি আরও জানান, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের জন্য আলাদা ৮৫ লক্ষ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। নতুন ভবন নির্মাণ শেষ হলে পুরাতন ভবন ভেঙে প্রশাসনিক ভবনের কাজ শুরু হবে। এছাড়াও পূর্ব পাশের ভবন মেরামত ও একটি নতুন কক্ষ সম্পূর্ণ করার জন্য ১৫ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

 

সব মিলিয়ে আগামী এক বছরের মধ্যে ছোট শরীফ পুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হবে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দারা মনে করছেন, এই উন্নয়ন কাজ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

প্রিন্ট করুন