কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর এলাকায় বাঁশঝাড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের পর গণপিটুনিতে জসিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জসিম স্থানীয় সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার (১৫ মার্চ) জসিমের সঙ্গে প্রতিবেশী রাব্বি ও রোশন আলীর বাকবিতণ্ডা হয়। ঝগড়া মেটাতে আসা দোলোয়ার, সোহাগ ও তানজিনা নামের এক নারীসহ তিনজনকে জসিম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরদিন সোমবার জসিম পুনরায় হামলার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করেছে। বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন।

নিজস্ব প্রতিবেদক :