প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে মুচড়ে নিহত বারো তদন্তে তিন কমিটি

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় ভয়াবহ বাস–ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। আজ রোববার (২২ মার্চ) ভোরে মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

 

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু। নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ীর মো. বাবুল চৌধুরী (৫৩), নোয়াখালীর নজরুল ইসলাম রায়হান (৩৩), চাঁদপুরের তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুরের সায়েদা (৯), ঝিনাইদহের লাইজু আক্তার (২৬), খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪), কুমিল্লার মো. জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (৪৬), যশোরের মো. সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্ত গীন বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

 

স্থানীয়রা অভিযোগ করেন, “লেভেল ক্রসিংয়ে সঠিক সময়ে গেট বন্ধ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

 

এর আগে শনিবার রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় একই ধরনের দুর্ঘটনায় ১২ জন নিহত হন।

প্রিন্ট করুন