প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দেবীদ্বারে জাফরগঞ্জ ইউপির সাথে ডালকরপাড়া গ্রামকে সংযুক্তির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের সহস্রাধিক মানুষ রাজপথে মানববন্ধন করেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডালকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন করেছে।

প্রায় সহস্রাধিক গ্রামবাসী কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় আধা-কিলোমিটার এলাকায় ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে ওই দাবীতে মানববন্ধন করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. অহিদুর রহমান, আবুল হাসেম লিপু, আবুল হোসেন নিপু, আবুল হাসেম, আব্দুল জব্বার, বেলায়েত হোসেন, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. ফরিদ উদ্দিন, পুতুল আক্তার, হাসান ইমাম প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুযোগ-সুবিধা নিতে আসা প্রায় দেড় সহস্রাধিক জনগোষ্ঠী ও ৮ শত ৮৬ জন ভোটার প্রায় ৫-১০ কিলোমিটার পথ অতিক্রম করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ডালকরপাড়া (হাতিমারা) গ্রামের অধিবাসীরাই জাফরগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়ীসহ নানা কর্মকান্ডে নেতৃত্বে রয়েছেন।
আবুল হোসেন লিপু বলেন, আমরা নাগরিক সুবিধা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছি। আমাদের গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেতে জাফরগঞ্জ, কালিকাপুর, বেগমাবাদ, লক্ষীপুর, চরবাকরসহ প্রায় ১২টি গ্রামের উপর দিয়ে ১০ কিলোমিটার পথ পেড়িয়ে ইউপি কার্যালয়ে যেতে হয়। অপরদিকে ভাঙ্গা সড়কের উপর দিয়ে ফুলতলী, শুভপুর, মোহাম্মদপুর গ্রাম অথবা খয়রাবাদ গ্রাম দিয়ে যেতে ৫- ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপি’র সেবা নিতে হয়।
পুতুল আক্তার বলেন, আমরা গরিব মানুষ, আমার বাড়ির দু’জন দিন কামলা ঈদ উপলক্ষ্যে সরকারী বরাদ্ধের ৪শত টাকার ১০ কেজি চাউল আনতে গিয়ে ২শত টাকা অটো ভাড়া দিতে হয়েছে এবং একদিনের কামলা শেষই নয়, ভাঙ্গা সড়কে দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এখন গৃহবন্দী অনেকে।
মো. আবুল হাসেম বলেন, জাফরগঞ্জ ইউপি কার্যালয় সংলগ্ন ডালকরপাড়া গ্রামের লোকজন এলাহাবাদ ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, নাগরিক সনদ, সরকারী নানা সুযোগ সুবিধা নিতে দিনের পর দিন দুঃখ-কষ্ট, ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি কাজের জন্য একাধিকবার যেতে হয়, অনেকের কয়েকদিন সময় দিতে হয়, তার উপর যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির শেষ নেই।
মো. অহিদুর রহমান বলেন, আমাদের বিভিন্ন প্রয়োজনে ইউপি কার্যালয়ে যেতে যতটা কষ্ট এবং সময় ব্যায় করতে হয়, সে কাজটি কুমিল্লা বা ঢাকায় করতেও এতো কষ্ট, সময়, অর্থ ব্যয় করতে হয়না। তাই সরকারের প্রতি জোর আবেদন রাখছি, জনস্বার্থে ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রামটিকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত করার জোর দাবী জানাচ্ছি।

প্রিন্ট করুন