প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস সিএনজির সংঘর্ষে নিহত-২ আহত-২

মো: বিল্লাল হোসেন:

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ২ সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ২ জন মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত সিএনজি আরোহী মমতাজ বেগম (৪৫) এবং আব্দুল জলিল (৭০) দেবীদ্বার উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত: আব্দুল মান্নানের ছেলে। তিনি কি কারনে কোথায় যাচ্ছিলেন তার পরিবারের কেউ বলতে পারেননি। তবে তিনি হলুদ, মরিচের ব্যবসা করতেন বলে স্বজনরা জানান।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) বেলা সোয়া একটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্নে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়াগামী একটি যাত্রীবাহী নিউ সুগন্ধা পরিবহন, কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি’র ২ জন যাত্রী নিহত ও চালকসহ ২ জন মারাত্মক আহত হন। আহতদের কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত সিএনজি চালক মো. ইসমাইল(২৬) জানান, তিনি কোম্পানীগঞ্জ থেকে ৩ যাত্রী নিয়ে ময়নামতি যাওয়ার পথে অনুমান বেলা সোয়া একটার সময় কালিকাপুর বাস স্টেশনের পাশে পৌঁছার পর কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়াগামী একটি নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের মাথা ফেটে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে রেফার করা হয়।পরে মমতাজ বেগম (৪৫) নামের আরো এক যাত্রী শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ দিকে নিউ সুগন্ধা বাস চালক মো. রাজা মিয়া(৩৫)’কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন স্থানীয়রা। বাস চালক মো. রাজা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত ২ জনসহ সিএনজি চালকের পরিচয় পাওয়া গেলেও আহত অপর ১জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে, দূঘটনায় কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গণপিটুনিতে আহত বাস চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন