প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পোল্ট্রি খামারের দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা তিনটি পোল্ট্রি খামারের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরাও। দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল সংলগ্ন ব্রাহ্মণপাড়া–দুলালপুর–গোপালনগর সড়কের পাশে অবস্থিত এসব খামার থেকে ছড়ানো দুর্গন্ধ আশপাশের পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলেছে। খামারের বর্জ্যে পাশের খালের পানি কালচে হয়ে গেছে এবং পানির ওপর মৃত মাছ ভাসতে দেখা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি ওই স্থানে তিনটি পোল্ট্রি খামার পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, খামারের বিষ্ঠা নিয়মিত অপসারণ না করে তা নিচের পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মৃত মুরগি ও অন্যান্য বর্জ্য পাশের খালে ফেলা হচ্ছে, যার ফলে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

 

এলাকার বাসিন্দা রমিজ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অসহনীয় দুর্গন্ধের মধ্যে বসবাস করছি। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রেহাই পাচ্ছি না। এতে আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে।”

 

সড়কে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই নাক-মুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

 

অভিযোগের বিষয়ে খামার মালিক শরিফুল ইসলাম বলেন, খামারগুলো যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন।

 

ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, তিনটি পোল্ট্রি খামারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। খুব শিগগিরই এসব খামারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

প্রিন্ট করুন