প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় বাদীর পাশে পুলিশ আসামির পাশে সেনাবাহিনী মিথ্যা মামলার সত্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের বারাইপুরে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও প্রতিহিংসাপরায়ণ বলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল কুমিল্লার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী কামরুন নাহার সাংবাদিকদের জানান, ২০২৫ সালের ৯ নভেম্বর তার দেবর আমিনুল ইসলামের স্ত্রী জান্নাতুল মাওয়া তার স্বামী সেনা সদস্য আবুল খায়েরের বিরুদ্ধে মারামারির মামলা দায়ের করেন। মামলা নং: সিআর ১৮৬৯/২৫।

 

কামরুন নাহার অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতিহিংসার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বাদী পক্ষ বারবার ১০ লক্ষ টাকা দাবি করেছে। টাকা না দিলে মামলা প্রত্যাহার করা হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাদীর পুলিশ সদস্য দেবরের প্রভাব কাজে লাগিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।

 

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনও পক্ষপাতদুষ্টভাবে তৈরি করা হয়েছে। কোতোয়ালি থানার ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাদীর অভিযোগ অনুযায়ী প্রতিবেদন জমা দিয়েছেন, যা বাস্তবতার সাথে কোনো মিল নেই। এতে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাদী দাবি করেছেন তার সন্তান নষ্ট করা হয়েছে। কিন্তু বাস্তবে ২০২৬ সালের জানুয়ারিতে বাদীর একটি সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে, যা প্রমাণ করে অভিযোগটি ভিত্তিহীন। এছাড়া মামলার সাক্ষীদের কোনো কিছু না জানিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে।

 

মামলার সাক্ষী আয়নাল হকের ছেলে রিপন মিয়া ও এসাক মিয়ার ছেলে ইকবাল হোসেন রাফি জানান, তারা মামলার বিষয়ে কিছুই জানেন না। পুলিশ তাদেরকে স্বাক্ষর করতে বলেছে, তাই তারা স্বাক্ষর করেছেন। এ বিষয়ে তারা কোনো দায়ভার নেবেন না।

 

তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, তদন্তে যা সত্যতা পেয়েছেন, সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করেছেন।

 

ভুক্তভোগী পরিবার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রিন্ট করুন