প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কিউবা নিয়ে ট্রাম্পের হুমকি বিশ্বজুড়ে নতুন অস্থিরতার আশঙ্কা

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যের পর এবার ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কিউবা প্রস্তুত করছে প্রতিরক্ষা  

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান ও ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপের পর এবার কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমি বিশাল সামরিক বাহিনী গঠন করেছি, বলেছিলাম এটি ব্যবহার করতে হবে না, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে; এরপর কিউবা হবে পরবর্তী লক্ষ্য।”

 

যদিও বক্তব্যের কিছুক্ষণ পর তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, এই মন্তব্যকে বিদ্রূপমূলক হিসেবে নিতে। তবে তার এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে ওয়াশিংটনের নজর বাড়ছে।

 

ট্রাম্পের বক্তব্যের পর কিউবা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও জানান, “বিশ্বজুড়ে যা ঘটছে তা দেখার পর হাত গুটিয়ে বসে থাকা বোকামি হবে। তাই আমাদের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে।”

 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার অভ্যন্তরীণ সংকট নিয়ে মন্তব্য করে বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকট সমাধানে বর্তমান নেতৃত্ব সম্পূর্ণ অক্ষম। তার মতে, কিউবার অর্থনীতি ভেঙে পড়েছে এবং নতুন নেতৃত্ব ছাড়া সমাধান সম্ভব নয়।

 

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য কেবল কথার কথা হলেও ভেনিজুয়েলা ও ইরানে তার কঠোর অবস্থানের নজির থাকায় আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ল্যাটিন আমেরিকায় সমাজতান্ত্রিক দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ‘পরবর্তী লক্ষ্য’ নীতি ক্যারিবীয় অঞ্চলেও নতুন অস্থিরতার সূচনা করতে পারে।

প্রিন্ট করুন