নদীর স্রোতে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ ভেসে উঠল কুমিল্লার হোমনায়
কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচে নদীতে মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর নাম শামসুন্নাহার (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন যে এটি তার মেয়ের মরদেহ।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে শামসুন্নাহার নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে আজ নদীর বুকে ভেসে ওঠে তার নিথর দেহ।
পরিবার সূত্রে জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং একাধিকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

মোঃ তারিকুল ইসলাম :