সোমবার (৩০ মার্চ) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান-এর দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন এবং অপরাধের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলেন নাওতলা গ্রামের মৃত কানু মিয়ার ছেলে মো. আবুল কাশেম। মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এই আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামী ছায়কোট গ্রামের মো. এনামুল হক এবং একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী সুহিলপুর গ্রামের মো. জালালকেও পুলিশ আটক করে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে আতিকুর রহমান (৩৫) গাঁজা ও ইয়াবা বহন এবং সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ড, জনি (২৯) ও শাহজালাল (৩০)-কে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মো. আলমগীর (৩৮)-কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এটিএম মাজহারুল ইসলাম: