কুমিল্লার দেবীদ্বারে উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে একটি কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ কামাল হোসেন গোপনাঙ্গনে লাথির আঘাতে ঘটনাস্থলেই জুলুস মিয়া (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে (১ এপ্রিল) রাত সোয়া ৭টায় নারায়নপুর গ্রামের মধ্যপাড়ায় আশরাফ আলীর বাড়ির সামনে আরাফাত ষ্টোর নামে একটি চায়ের দোকানে সামনে। নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
ওই ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে একই গ্রামের সিদ্দিকুর রহমানে ছেলে মূল অভিযুক্ত কামাল হোসেন (৩৫), অভিযুক্ত কামাল হোসেনের ভাই আনোয়ার হোসেন (২৮), আলী আহম্মদ (৩০) এবং চাচাতো ভাই ফখরুল ইসলাম(২৫)কে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে আজ ভোর রাতে ব্রাক্ষনপাড়া উপজেলা থেকে প্রধান অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার পূর্বক বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ২ টায় কোর্ট হাজতে চালান করেন। একই সাথে নিহত জুলুস মিয়ার লাশ ছোরতহাল তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর নিহত জুলুস মিয়া ও অভিযুক্ত কামাল হোসেন স্থানীয় একটি চা’ দোকানের সামনে বসে চা’ খাচ্ছিলেন। এসময় একটি কুকুর তাদের সামনে এসে বসে। কুকুরটি দেখে জুলুস মিয়া লাথি মেরে সরিয়ে দেন। লাথি মারার ঘটনায় পাশে বসে থাকা কামাল হোসেন তাকে গালমন্দ করেন এবং বলেন, তুই পাগলের বংশ তোর ভাই পাগল হয়ে মারা গেছে। এ কথার জবাবে জুলুস মিয়া তার পায়ের জুতু খুলে কামালের গালে মারে, কামাল ক্ষুব্ধ হয়ে জুলুসের সাথে হাতাহাতির এক পর্যায়ে জুলুসের গোপনাঙ্গে লাথি মারলে তিনি অচেতন হয়ে যান। স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুলুসের নাতি আকাশ বলেন, আমি বাড়ির পাশে একটি মাচায় বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি দাদা মাটিতে পড়ে আছেন। অন্যরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় আনোয়ার দা নিয়ে আমার দিকে তেড়ে আসে।
নিহতের ভাতিজা মো. রোমান জানান, জুলুস মিয়ার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করে পরিবার চালাতেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।
নিহতের বড় ছেলে ইব্রাহিম (১৪) কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের জুলাস মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। আজ ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

নিজস্ব প্রতিবেদক: