কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর ইসলামের বিরুদ্ধে তদন্তে সত্যতা পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত ৩১ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে। ‘পাবলিক অ্যাসল্ট’-এর শিকার নাঈম (৩০) নামের এক আহত রোগীকে পুলিশ জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ ফয়জুর রহমান রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করার পরপরই ওসি উত্তেজিত হয়ে তাঁর ওপর চড়াও হন। এ সময় চিকিৎসকদের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও অপবাদ দেন তিনি।
তদন্ত কমিটির প্রধান ডা. শাহরিয়ার ইনাম খান জানান, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যগ্রহণে অভিযোগের সত্যতা মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের আচরণ ছিল অপেশাদার এবং একজন গেজেটেড কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর। চিকিৎসকদের বিরুদ্ধে আনীত ‘ওষুধ চুরির’ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, “হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিষয়টি কুমিল্লা জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।”
অভিযুক্ত ওসি শাহিনূর ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ও হোয়াটসঅ্যাপে সাড়া দেননি।

নিজস্ব প্রতিবেদক :