প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লা জনস্বাস্থ্য দুর্নীতি তদন্তে প্রকৌশলী ও ঠিকাদার সোহেলের বিরুদ্ধে দুদকের তদন্ত

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতির কালো ছায়া ঘনীভূত হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকৌশলী তুষার মোহন সাদু খা, প্রকল্প পরিচালক হাসানুজ্জামান এবং এফএ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামি ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ সোহেল টেন্ডার জালিয়াতি, অর্থ লোপাট ও অবৈধ লেনদেনে জড়িত।

 

ভুক্তভোগীরা দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ দূর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে দুদক ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সোহেলকে আগামী ৩ মে ঢাকায় হাজির হওয়ার নির্দেশ দেয়।

 

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কোটি কোটি টাকার কাজ নিজেদের নামে নিয়ে কাজ না করেই বিল উত্তোলন করেছেন। এতে টেন্ডার ব্লক, সরকারি অর্থ লোপাট এবং অযোগ্য ঠিকাদারদের দিয়ে কাজ করানোর মতো অনিয়মে জনস্বাস্থ্য সেবার মূল উদ্দেশ্য ভেঙে পড়েছে।

 

অভিযোগকারী আনুষ্ঠানিকভাবে জানান, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও লুটপাটের মাধ্যমে প্রায় অর্ধ শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিশেষ সূত্র নিশ্চিত করেছে, এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রমাণ দুদকের হাতে রয়েছে।

 

দুদক আইন ২০২৪ এর ধারা ২২ এবং বিধিমালা ২০০৭ এর বিধি ৮/১১ অনুযায়ী উপ-সহকারী পরিচালক মোঃ ইমরান আকনকে সদস্য করে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে এলাকায় জনস্বাস্থ্য প্রকল্পে টেন্ডার ব্লক, অসম্পূর্ণ কাজের বিল উত্তোলন, বদলি বাণিজ্য এবং দলীয় প্রভাবশালীদের মাধ্যমে প্রকল্প নিয়ন্ত্রণের অভিযোগে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনমনে আশা জাগছে যে, এই তদন্ত দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ আনবে।

প্রিন্ট করুন