কুমিল্লার চান্দিনা উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে নগদ প্রায় ছয় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে চান্দিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নলপুনী গ্রামের সৌদি প্রবাসী মহিদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার (২৯) গত ১২ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে স্বামীর ঘরে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্বর্ণালংকারের মধ্যে নেকলেস, কানের দুল, চেইন ও আংটি ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
পরিবারের দাবি, শারমিন আক্তার স্থানীয় যুবক মেহেদী হাসানের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং আমান উল্লাহসহ কয়েকজনের সহযোগিতায় পালিয়ে যান। ঘটনার সময় শারমিন আক্তার তার দুই সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, নগদ অর্থটি সৌদি প্রবাসী মহিদুল ইসলামের নির্মাণাধীন ভবনের কাজের জন্য ঘরে রাখা ছিল। ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে প্রবাসী ভাইয়ের অনুমতিক্রমে নজরুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতার অভিযোগে আমান উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা, অভিযুক্তরা নিজেদের দোষ আড়াল করতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :