প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৩, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন ১৬নং ওয়ার্ডের সংরাইশ পশ্চিম পাড়ায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংরাইশ পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃ মাছুম সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে ৬ শতক জমি ক্রয় করে সেখানে নির্মাণ কাজ শুরু করেন। এ সময় একই এলাকার আওয়ামীলীগ নেতা কামরুল (২৯) এর নেতৃত্বে আমজাদ (৩২) ও মাহাবুব (৩৪)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতে থাকে।
ঘটনার দিন রাতে মাছুমের অনুরোধে তার জমিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পাবেল (২৪), রিফাত (২৫) ও অন্ত (২৬) সেখানে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা দা, চাপাতি, ছেনী, লাঠি-সোটা ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে প্রবেশ করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে। এতে পাবেল, রিফাত ও অন্ত গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়, কামরুল ছেনী দিয়ে পাবেলের বাম পায়ে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া আমজাদ ও মাহাবুব শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে হামলাকারীরা বাধা দেয়। ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা পুনরায় ৫ লাখ টাকা চাঁদা না দিলে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেয়।
জানা যায়, অভিযুক্ত কামরুলের বিরুদ্বে এর পূর্বেও চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগ এনে চানপুর বউবাজার এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মাছুম কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রিন্ট করুন