সরকারি অফিসে সময়মতো উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হকের নিয়মিত অনুপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে।
গত বছরের ২৪ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন শফিউল হক। তবে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি হওয়ায় তিনি অধিকাংশ সময় সেখানে কাটান। কুমিল্লায় মূল দায়িত্ব থাকলেও নানা অজুহাতে নিজ এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।
রোববার (১২ এপ্রিল) সকাল দশটায় সরেজমিন কুমিল্লা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানিয়েছেন, তিনি অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ায় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সংশ্লিষ্ট দপ্তরে যাননি।
ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক অলিউল্লাহ জানান, “স্যার আজ ব্রাহ্মণবাড়িয়া আসেননি, উনি কুমিল্লায় অফিস করবেন।” অন্যদিকে কুমিল্লার এস্টিমেটর অফিসার তারেক মোল্লা বলেন, “স্যার দুই জায়গায় অফিস করেন, আজ কোথায় করবেন সেটা স্যারের কাছেই জানতে হবে।”
মো. শফিউল হক নিজেই দাবি করেন, তিনি দুই জেলার দায়িত্বে আছেন এবং আজ ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করবেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা জানান, তিনি সেখানে উপস্থিত নেই। মুঠোফোনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।
চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী বলেন, “উনি তো দুই জেলার দায়িত্বে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করব।”
এই অনিয়ম নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনা চলছে। সরকারি নির্দেশনা অমান্য করে কর্মকর্তাদের এমন আচরণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র : আমার দেশ।

অনলাইন ডেস্ক :