কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসার ভেতরের একটি পার্টিশন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল চাপায় সিফাত নামে (১১) বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার ছোট আলমপুর ব্রয়লার সংলগ্ন আব্দুল হাকিম খানের ৫ তলা ভবনে, হাফেজ মাওলানা আনিসুর রহমানের ভাড়ায় পরিচালিত ‘মাদ্রাসা কা-শিমুল উলুম’র নিচ তলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত (১১) উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর (৩নং ওয়ার্ড) গ্রামের ব্যবসায়ী মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই হেফজ্ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মাদ্রাসা কা-শিমুল উলুম’র ভেতরে একটি পার্টিশান (পুরাতন) দেয়াল মিস্ত্রীদের সঙ্গে ছাত্রদের দিয়ে নিচের অংশে পিটিয়ে ভাঙার সময় হঠাৎ দেয়ালটি ওই শিক্ষার্থীর ওপর পড়ে মাথার মগজ বেড়িয়ে মারাত্মক আহত হয়।
অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালীন দেয়ালের একটি বড় অংশ শিক্ষার্থী সিফাতের গায়ের ওপর ধ্বসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান– ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। লাশ থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেব। তিনি আরো জানান, দেয়াল ভাঙার সময় রাজমিস্ত্রীর সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরাও কাজ করত বলে শুনেছি।

মো: বিল্লাল হোসেন: