মো: বিল্লাল হোসেন:
কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসার ভেতরের একটি পার্টিশন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল চাপায় সিফাত নামে (১১) বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার ছোট আলমপুর ব্রয়লার সংলগ্ন আব্দুল হাকিম খানের ৫ তলা ভবনে, হাফেজ মাওলানা আনিসুর রহমানের ভাড়ায় পরিচালিত ‘মাদ্রাসা কা-শিফুল উলুম’র নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়ন এলাকার বড়শালঘর (৩নং ওয়ার্ড) গ্রামের ব্যবসায়ী মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই হেফজ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওই ঘটনায় নিহত সিফাতের বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ অপ্রিল) দেবীদ্বার থানায় পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আজিজুর রহমান এবং হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমানসহ ৩ শিক্ষকই পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মাদ্রাসা কা-শিফুল উলুম’র ভেতরে একটি পার্টিশান (পুরাতন) দেয়াল মিস্ত্রীদের সঙ্গে ছাত্রদের দিয়ে নিচের অংশে পিটিয়ে ভাঙার সময় হঠাৎ দেয়ালটি ওই শিক্ষার্থীর ওপর পড়ে মাথার মগজ বেড়িয়ে মারাত্মক আহত হয়।
অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালীন দেয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল ও রায়হান জানায়, এই মাদ্রাসার ১১৪ জন শিক্ষার্থী আছে। এদের মধ্যে আমরা ১৮ জন হোস্টেলে থাকি। এবং ৩ জন শিক্ষক রয়েছেন।
নাম না প্রকাশের শর্তে ওই ভবনের একজন ভাড়াটিয়া জানান, গত ৪ দিন যাবত মাদ্রাসার হোষ্টেলের শিক্ষার্থীদের দিয়ে ইট আনা নেয়াসহ বিভিন্ন কাজ করাচ্ছিল। যা মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই প্রমান মিলবে।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, দেয়াল চাপা থেকে উদ্ধার করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসার সুযোগ পেত, কিন্তু আনিস হুজুর আহত শিক্ষার্থীকে ফেলে রেখে, মেঝের রক্ত পরিস্কারে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটির প্রচুর রক্তক্ষরণে মারা যায়।
স্থানীয় বাসিন্দা যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ বলেন, এটা দূর্ঘটনা নয়, এটা হত্যা, এর তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি। তিনি আরো বলেন, এ এলাকায় মাত্র ৫ শত গজের মধ্যে ১৫টি মাদ্রাসা অধিকাংশ মাদ্রাসার বিরুদ্ধে বলৎকার, ছাত্রী ধর্ষণ, ছাত্রদের দিয়ে শিক্ষকদের কাপড় ধোয়া, মাদ্রাসার বিভিন্ন কাজ করানো, কালেকশন (ভিক্ষাবৃত্তি) এবং সরকারী অনুদান নেয়ার অভিয়োগ রয়েছে। পার্শ্ববর্তী মাদ্রাসার এক পরিচালক ছাত্রী ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন। এসব মাদ্রাসার কোন নিরাপত্তা, নীতিমালা বা শৃংখলার নিয়ন্ত্রনে নেই।
সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন, ওসি মো. মনিরুজ্জামান, ওসি তদন্ত ইমাম হাসানসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং হোস্টেলে আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধার করে আতঙ্কিত অভিভাবকদের হাতে তুলে দেন। এসময় পুলিশ ওই ভবনের বিভিন্ন কক্ষ তল্লাসীও চালান। তবে পুলিশ আসার পূর্বে বিক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসা ভাঙ্গার প্রস্তুতি নিলে পুলিশের উপস্থিতিতে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওই ঘটনায় নিহতের বাবা মো. মাসুম বাদী হয়ে, কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনায় তার ছেলে নিহত হওয়ার অভিযোগ এনে ৩ শিক্ষককে অভিযুক্ত করে মামলা করেছেন। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।
