প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সৌদি থেকে ফেরা সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা লায়ন স্বপন।

 

ইমিগ্রেশন পুলিশ জানায়, নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। তিনি চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। পরে তিনি সৌদি আরবে ভাইয়ের কাছে চলে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। অবশেষে দেশে ফেরার পর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

চাটখিল থানায় স্বপনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা।

 

চাটখিল থানার এসআই শফিউল ইসলাম জানান, বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বপনকে চাটখিল থানার কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন