প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

যাত্রাবাড়ীতে বন্ধু বানিয়ে রেপ অবশেষে সিরিয়াল রেপিস্ট রাশেদুল গ্রেফতার

অনলাইন ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীতে ধারাবাহিক যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি (৩০) কে গ্রেপ্তার করেছে ডিএমপি যাত্রাবাড়ী থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, রাব্বি প্রথমে ফেসবুকে ভুয়া আইডি খুলে নারী কণ্ঠে কথা বলত। এরপর ভিকটিমদের মোবাইল নিয়ন্ত্রণে নিয়ে তাদের বন্ধু তালিকার স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের টার্গেট করত। নারী কণ্ঠে বন্ধুত্ব গড়ে তুলে উপহার দেওয়ার কথা বলে ভিকটিমদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে আসত। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারণ করত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত।

 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে এক ভিকটিমকে ফ্যামিলি মিট-আপের কথা বলে ভবনে নিয়ে গিয়ে নগ্ন ভিডিও ধারণ করে নিয়মিত শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে। একইভাবে গত ৬ এপ্রিল দ্বিতীয় ভিকটিমকে পোশাক ডেলিভারির কথা বলে ভবনে ডেকে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে। ৯ এপ্রিল আরেক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা করে তার মোবাইল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।

 

অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানা পুলিশ রাব্বিকে শনাক্ত করে ১৩ এপ্রিল সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন