কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় ছাত্রশিবিরের সদস্যরা অধ্যক্ষের কক্ষে গিয়ে বিচার দাবি করেন। অধ্যক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানালেও তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদল অভিযোগ নাকচ করে জানায়, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্যদিকে ছাত্রশিবির দাবি করে, গুপ্ত লেখার কর্মসূচিকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ জানান, তাদের কর্মী নাফিস আব্দুল্লাহকে মারধর করা হয় এবং ভিডিও চাইতে গেলে হামলা হয়। এতে শিবিরের সভাপতি ও সেক্রেটারি আহত হন।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ ঘটে। অধ্যক্ষ মাজারুল ইসলাম জানান, হঠাৎ করেই সংঘর্ষ শুরু হয় এবং তদন্ত কমিটি গঠনের আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :