কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম আটকের ১২ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন।
রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।
আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও তার অনুসারীরাও বিক্ষোভে অংশ নেন। এতে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও একাধিক সূত্রের দাবি, শাসনগাছা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে রেজাউল কাইয়ুমের নাম গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। তবে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, “অভিযোগটি ছিল সাজানো ও ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে সম্মানের সঙ্গে ছেড়ে দিয়েছে।”
থানা থেকে ছাড়া পেয়ে রেজাউল কাইয়ুম বলেন, “আমাকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। যারা আমার জন্য দিনভর কষ্ট করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

নিজস্ব প্রতিবেদক :