প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চান্দিনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় বহুল আলোচিত একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শরীফ উপজেলার কংগাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের
মো. আব্দুর আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে ডাকাতি, হত্যা, প্রমাণ নষ্ট এবং সম্মিলিতভাবে অপরাধ সংঘটনের বিষয় অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/ ৩০২/ ২০১ এবং ৩৪ ধারায় মামলা রয়েছে। এসব ধারায় অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।

প্রিন্ট করুন