প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত অনুমান এগারোটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। তিনি গাংরা রাস্তার মাথা এলাকার পান ও জুতা ব্যবসায়ী ছিলেন। ধারণা করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বুধবার (০৬ মে) বিকালে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন মঙ্গলবার রাত অনুমান ১১টায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা জামে মসজিদের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। সস্ত্রাসীরা তার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নয়নের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের ভাতিজা মো. জুয়েল জানান, আমার চাচা নয়ন মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বুধবার সকালে তিনি সকালে মারা যান। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।

নিহত আনোয়ার হোসেন নয়নের স্ত্রী তাসলিমা আক্তার জানান, প্রতিদিনের মত তিনি সকালে দোকানে গিয়েছিলেন। আমার সাথে সকালেই শেষবার কথা হয়েছে। রাতে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, গাংরা রাস্তার মাথা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মো. আনোয়ার হোসেন নয়ন নামে স্থানীয় এক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে কুপিয়ে আহত করে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের লোকজন দাবি করছেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসলে লাশের ময়নাতদন্ত করা হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন