কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্প্রতি তার নাম জড়িয়ে প্রচারিত একটি মিথ্যা সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে ইউসুফ মোল্লা টিপু বলেন, “উক্ত সংবাদটির কোনো প্রকার সত্যতা, প্রমাণ কিংবা গ্রহণযোগ্য তথ্যভিত্তি নেই। এটি সম্পূর্ণরূপে গুজব, অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”
তিনি কুমিল্লা নগরবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো অসত্য সংবাদ শেয়ার না করতে এবং ভুয়া প্রপাগান্ডা থেকে সতর্ক থাকতে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রমাণ ও দলিলবিহীনভাবে তার নাম জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর সংবাদ প্রকাশ করে, তাহলে তিনি প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার পোস্টে আরও উল্লেখ করেন, “আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সহযোগিতা করুন এবং সব ধরনের ভুয়া সংবাদ ও অপপ্রচার থেকে দূরে থাকুন।
এবিষয়ে প্রকাশিত পেজ এডমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে লেখাটি ছিলো। যা বিভ্রান্তি এড়াতে পরবর্তীতে রিমুভ করে দেই।

নিজস্ব প্রতিবেদক :