কুমিল্লার চান্দিনা উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে পুনরায় দলে বহাল রাখার দাবি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের জন্য তার দীর্ঘ রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে পুনর্বহাল করা উচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে চান্দিনায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা বলেন, নানা প্রতিকূল পরিস্থিতিতেও শাওন নেতাকর্মীদের পাশে ছিলেন এবং দলকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
চান্দিনা উপজেলা বিএনপির প্রবীণ নেতারা বলেন, এই রাজনৈতিক পরিবারের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালে ড. রেদোয়ান আহমেদ বিএনপি ত্যাগ করে এলডিপি গঠন করলে আলহাজ্ব খোরশেদ আলম তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন এবং চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা, ত্যাগ এবং নেতাকর্মীবান্ধব ভূমিকার কারণে ২০১০ সালে বিএনপির চেয়ারপারসন তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করেন।
বিএনপির নেতাকর্মীরা আরও জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলে আলহাজ্ব খোরশেদ আলমও নির্বাচনে অংশ নেননি। সে সময় আওয়ামী লীগের মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক নেতৃত্ব এখনো নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে আছে।
২০১৮ সালের ১৫ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব খোরশেদ আলম মৃত্যুবরণ করেন। আলহাজ্ব খোরশেদ আলমের মৃত্যুর পর তাঁরই পুত্র আতিকুল আলম শাওন চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
চান্দিনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, দলের সাংগঠনিক স্বার্থে এবং তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আতিকুল আলম শাওনকে পুনরায় বিএনপিতে বহাল রাখা প্রয়োজন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এটিএম মাজহারুল ইসলাম