প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আমাদের অঙ্গীকার হোক সমৃদ্ধ স্বপ্নীল বাংলাদেশের- কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি :,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেছেন, আজ বাংলাদেশকে বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু। অপরিচিত বাংলাদেশটি আজ বিশ্বের দরবারে সমীহ আদায় করে নিয়েছে। অস্ট্রেলিয়ার অনেক গর্ভনররা আজ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তিনি আরও বলেন, আজকে দিনে পাকিস্তানি স্বৈরাচার শাসকের শোষণ নির্যাতন এবং ভয়াল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের স্বাধীনতা যুদ্ধে যেই মানুষ গুলো নিজের জীবনকে উৎসর্গ করেছে আমরা কখনোই তাদের ঋণ শোধ করতে পারবোনা। এই বিশেষ দিনটিতে আমাদের অঙ্গীকার হোক একটি সুখি সমৃদ্ধ স্বপ্নীল বাংলাদেশের।
শনিবার (২৬ মার্চ) জাতীয় স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এসব কথা বলেন।
এদিন সকাল সাড়ে ৯ টায় উপাচার্যের নেতেৃত্বে বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশ থেকে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় পরিবার। শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার পুস্পস্তবক অর্পণ করে। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবাসিক হল, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগ, ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিন দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী বলেন, ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই একমাত্র এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এখানে অন্যকেউ হওয়ার সুযোগ নেই। এসময়ে বাংলাদেশের তথাকথিত অনেক নেতা বঙ্গবন্ধুর বিরোধীতা করেছিল। কিন্তু বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে অচল ছিলেন। এজন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আজকের আলোচনার সভার উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ কর্মচারীবৃন্দ।

প্রিন্ট করুন