প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যাচেষ্টা, অপহরণ ও ঘরে অনুপ্রবেশের অভিযোগ

অনলাইন ডেস্ক

কুমিল্লায় পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যাচেষ্টা, অপহরণ এবং বাসায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র, যা স্থানীয়ভাবে “স্যার নামীয় কুচক্র” হিসেবে পরিচিত, পরিকল্পিতভাবে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি তারা নতুন করে ‘মাস্টারমাইন্ড’ পরিকল্পনার মাধ্যমে শুভ্রকে লক্ষ্য করে হামলা, অপহরণচেষ্টা এবং ঘরে প্রবেশ করে গণহত্যার চেষ্টা চালায় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এর আগেও তিনি এ চক্রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট চক্রের কয়েকজন সদস্য মোটরসাইকেলসহ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও তাদের কার্যক্রম থেমে নেই। বরং নতুন করে হুমকি দিয়ে তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে—এ ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্র প্রকাশ্যে সক্রিয় থাকলেও তাদের শনাক্ত ও দমনে দায়িত্ব নেবে কে? ভুক্তভোগীসহ স্থানীয় সুশীল সমাজের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই চক্রকে আইনের আওতায় না আনলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় এ চক্রের বিরুদ্ধে নানা সময়ে অভিযোগ ও সংবাদ প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট করুন