কুমিল্লার লালমাইয়ে সাংবাদিক মো. আজহারুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করে লালমাই প্রেস ক্লাব।
প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলা চালায় স্থানীয় চিহ্নিত দুর্বৃত্ত শহিদুল ইসলাম ও খোকন। হামলার পরও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা উদ্বেগজনক।
বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু এবং লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা মজুমদার সুখী, নির্বাহী সদস্য শ্যামল বড়ুয়া ববি ও মনিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালামত উল্লাহ, ক্রীড়া সম্পাদক আহসান উল্লাহ রাজু, সদস্য মাইন উদ্দিনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় আটিটি বাজার আইএস দাখিল মাদ্রাসায় একটি রাজনৈতিক সভা শেষে সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন।
পরদিন সকালে আবারও তার মোটরসাইকেলের পথরোধ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রোববার (১৭ মে) ভুক্তভোগী সাংবাদিক লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লালমাই(কুমিল্লা) প্রতিনিধি