কুমিল্লার নেউরা এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি শেষে নতুনভাবে সংস্কারকৃত সড়কটি চালু হলে স্থানীয় মানুষজন স্বস্তির নিশ্বাস ফেলে। নতুন কালো পিচের সড়ক দিয়ে চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন ব্যবহারকারীরা আরামদায়ক যাতায়াতের সুযোগ পান।
কিন্তু এরই মধ্যে ঐতিহ্যবাহী নেউরা গরুর হাট বসানোর উদ্যোগে নতুন সড়কের ওপর বাঁশের খুঁটি বসানো হয়েছে। কার্যক্রম এখনো শুরু হয়নি তবে শিগগিরই হাট চালু হবে বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়তেই জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ সড়কের ওপর গরুর হাট বসলে দ্রুত সময়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের কোটি টাকার উন্নয়ন ব্যয় নষ্ট হয়ে যাবে। তারা জানান গরুর হাটের কারণে সড়কে যানজট সৃষ্টি হবে রাস্তার ওপর পশুর মলমূত্র জমে পরিবেশ দূষিত হবে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হবে। এতে নতুন সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলেছেন গরুর হাটটি সড়কের বাইরে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হোক। তাদের বক্তব্য রাস্তা জনগণের চলাচলের জন্য বাজার বসানোর জন্য নয়। সরকারের উন্নয়ন প্রকল্পকে টেকসই রাখতে হলে গরুর হাটটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী এবং সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :