কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে ১০ কেজি গাঁজাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মাদক মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অপর একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলেন আশিকুর রহমান (২৯) ও আব্দুর রহমান প্রকাশ আব্দুর রব (৩৮)। তারা উভয়েই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাদঘাটা এলাকার বাসিন্দা।
আটক আশিকুর রহমানের পিতা হাফিজুর রহমান ও মাতা আয়েশা আক্তার। অপরদিকে আব্দুর রহমান প্রকাশ আব্দুর রবের পিতা মৃত আব্বাস মিয়া এবং মাতা মৃত রমিজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে একই দিনে পৃথকভাবে পরিচালিত মোবাইল কোর্টে বাবুল সরকার (৪২) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাবুল সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার দাড়িয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতা বাচ্চু সরকার এবং মাতা হাসিনা।
মোবাইল কোর্টের আদেশের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান- মাদক, চুরি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এটিএম মাজহারুল ইসলাম: