কুমিল্লা জেলা পুলিশের আয়োজিত কল্যাণ সভায় পেশাগত দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চান্দিনা থানার তিন পুলিশ কর্মকর্তা সম্মাননা পেয়েছেন।
মঙ্গলবার (১৯ মে ২০২৬ইং) অনুষ্ঠিত এ কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ এবং উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম।

পুলিশ সূত্রে জানা যায়, জাল টাকা তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেফতার, টমটম চালককে হত্যা করে লুটের ঘটনায় দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক আসামিকে আটক এবং একটি হত্যা মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ অভিযানে সফলতা অর্জনের কারণে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সাম্প্রতিক সময়ে চান্দিনা থানা পুলিশ মাদক, হত্যা, চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় সচেতন মহলের মতে, চান্দিনা থানা পুলিশের নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং দ্রুত আইনগত পদক্ষেপের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে বলেও তারা মনে করছেন।
এ বিষয়ে ওসি আতিকুর রহমান বলেন, “এই পুরস্কার শুধু আমার একার নয়, থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তরিকতা, টিমওয়ার্ক এবং পেশাদার দায়িত্ববোধ থেকেই আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
সংশ্লিষ্টদের মতে, পুলিশের এমন স্বীকৃতি একদিকে যেমন সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে।

এটিএম মাজহারুল ইসলাম: